মিরপুর টেস্টের প্রথম দিনে রোমাঞ্চ ছড়িয়েছেন নাজমুল হোসেন শান্ত ও মোহাম্মদ আব্বাস। একই ওভারে দুই রকম দৃশ্যের জন্ম দিয়েছেন দু’জন।
পাকিস্তানের পেসার আব্বাসের বলেই চার মেরে টেস্ট ক্যারিয়ারের সেঞ্চুরি পূরণ করেন নাজমুল। ব্যাটে চুমু এঁকে উদ্যাপন শেষ না হতেই পরের বলেই বোল্ড। দুই বলের ব্যবধানে এমন দৃশ্য দেখে অবাক হয়েছেন সবাই।
দিন শেষে সংবাদ সম্মেলনে এ বিষয়ে প্রশ্ন করা হলে পাকিস্তানের পেসার আব্বাস বলেন, ‘এটাই ক্রিকেটের সৌন্দর্য!’
নাজমুলকে আউট করার রহস্যও জানিয়েছেন তিনি। আব্বাস বলেন, ‘আমি অনেক চেষ্টা করেছি, কিন্তু সে দারুণ খেলছিল। এরপর পরিকল্পনা বদলে ইনসুইং করার চেষ্টা করি, সফলও হই।’
তবে সারা দিনে ২২ ওভার বল করে আব্বাসের সাফল্য বলতে ওই এক উইকেটই। প্রথম দিন শেষে পাকিস্তানও খুব একটা সুবিধাজনক অবস্থায় নেই। ৫ বোলার মিলে ৮৫ ওভার বল করে বাংলাদেশের মাত্র ৪ উইকেট ফেলতে পেরেছে তারা।
যদিও দিনটাকে হতাশার বলতে নারাজ আব্বাস। তিনি বলেন, ‘আমরা অনেক পরিশ্রম করেছি। কিছু সময় ভালো বল করিনি, কিছু সময় ভালো করেছি। আবার কিছু ক্ষেত্রে আমরা দুর্ভাগাও ছিলাম।’
আব্বাসের মতে, উইকেট ব্যাটিংয়ের জন্য বেশ ভালো ছিল। তাই নাজমুলের প্রশংসা করে তিনি বলেন, ‘আমরা চেষ্টা করেছি, কিন্তু কৃতিত্বটা নাজমুলের। সে অসাধারণ খেলেছে।’
বাংলাদেশের লক্ষ্য প্রথম ইনিংসে ৪০০ থেকে ৪৫০ রান তোলা। সেটা হলে বড় চাপে পড়বে পাকিস্তান। কারণ অভিজ্ঞ ব্যাটার বাবর আজম চোটের কারণে খেলছেন না। একাদশে থাকা আবদুল্লাহ শফিক ও সাইম আইয়ুবের এটাই আবার অভিষেক টেস্ট।
তবে আপাতত পাকিস্তানের লক্ষ্য বাংলাদেশকে দ্রুত অলআউট করা। আব্বাস বলেন, ‘আগামীকাল সকালে যত দ্রুত সম্ভব ওদের অলআউট করতে চাই। এরপর প্রথম ইনিংসে আমাদের বড় রান করতে হবে।’
1 মন্তব্যসমূহ
শান্ত কি আদো পারবে
উত্তরমুছুন